মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তনের প্রস্তাব, আগে প্রশিক্ষণ নেবেন প্রার্থীরা
মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের আগে প্রাক্-চাকরিকালীন প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের প্রাথমিক খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে শিক্ষক নিয়োগের পর প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও নতুন প্রস্তাবে নিয়োগের আগেই প্রার্থীদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
মাউশি জানিয়েছে, প্রকল্পটি ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের অক্টোবর পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের পুরো অর্থ বিদেশি অনুদান থেকে সংগ্রহের আশা করা হচ্ছে। সম্ভাব্য ব্যয়ের বড় অংশ রাখা হয়েছে কর্মশালা ও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও মেরামত এবং পেশাগত সেবা খাতে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশে বর্তমানে প্রকৃত প্রাক্-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণের সুযোগ নেই। অথচ শিক্ষকতার মতো পেশায় প্রবেশের আগে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি অর্জন জরুরি। এ কারণে যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ তৈরি করতে নতুন প্রাক্-চাকরিকালীন শিক্ষক-শিক্ষা মডেল চালুর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানে প্রাক্-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণ মডেল চালু করা হবে। একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ পরিচালনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘শিক্ষক পেশাগতীকরণ নির্দেশিকা (টিপিজি)’ এবং ‘শিক্ষক পেশাগত উন্নয়ন কাঠামো (টিপিডিএফ)’ প্রণয়নের প্রস্তাবও রয়েছে প্রকল্পে। পাশাপাশি কর্মরত শিক্ষকদের অব্যাহত পেশাগত উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে বিদ্যমান ১০টি প্রশিক্ষণ কোর্স হালনাগাদের পাশাপাশি নতুন করে আরও ১০টি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় শিক্ষা প্রশাসক, শিক্ষক ও প্রধান শিক্ষকদের চাকরিকালীন পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০ হাজার শিক্ষক ও শিক্ষা প্রশাসক এবং দেড় হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদন পেলে শিক্ষকতা পেশায় প্রবেশের আগে প্রশিক্ষণের নতুন মডেল পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে, নাকি বাধ্যতামূলক করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষক নিয়োগের আগে প্রার্থীদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী বলেন, প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।