বিএনপির বৈঠকে নির্বাচনের দিন জুলাই সনদ ও গণভোটের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ ও গণভোটের দাবিতে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে জুলাই সনদ ইস্যুতে সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার সমালোচনা করা হয়।
বৈঠক সূত্র জানায়, রাত সাড়ে ৮টায় শুরু হয়ে বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা। নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও বৈঠকে আলোচনা হয়— দলীয় মনোনয়ন প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে মতভেদ নিরসন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার সময়সীমা এবং দলের অভ্যন্তরীণ নীতিনির্ধারণসংক্রান্ত বিষয়ে।
বিশেষভাবে আলোচনা হয়, সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর বঞ্চিত নেতারা কীভাবে আচরণ করছেন এবং যেসব আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে কী করা হবে।
এ ছাড়া আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।