এইচএসসি পাসেই সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক-যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর গত ২৩ আগস্ট ২০২৬ এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৬৪ জেলার আগ্রহী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রশিক্ষণের সময় ও মেয়াদ
আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার ক্লাস থাকবে।
যেসব সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এগুলো হলো—
-
প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে।
-
প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা দেওয়া হবে।
-
প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই—
-
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
-
বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর সফলভাবে দাখিল করা আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
-
অনলাইনে আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
-
লিখিত পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর ২০২৬।
-
মৌখিক পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬।
-
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।
লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান এবং সময়সূচি বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। একইভাবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরও এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
বিশেষ নির্দেশনা
বৈধ আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।